ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দুই ঘণ্টা আটকে রাখার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান জানাতে সংশ্লিষ্ট মন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেছেন তিনি।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন এই সংসদ সদস্য।
সাইফুল আলম খান মিলন বলেন, রোববার (১৪ জুন) প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে যথাযথ কূটনৈতিক চিঠি থাকা সত্ত্বেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানবোধ থেকে তিনি দেশে ফিরে আসেন।
তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কি না এবং এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।
সংসদ সদস্য আরও বলেন, জাতীয় মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট এই ঘটনায় সংসদের ৩০০ বিধির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট ও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া উচিত।
তবে স্পিকার বিষয়টিকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করেননি। তিনি বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে সদস্য চাইলে এ বিষয়ে পরবর্তীতে নোটিশ দিতে পারেন, তখন বিষয়টি বিবেচনা করা হবে।
হাফিজ/ আয়না নিউজ