বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চূড়ান্ত একাদশ এখনও নির্ধারণ করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে একাধিক ফর্মেশন পরীক্ষা করছেন তিনি। মাঝমাঠ ও আক্রমণভাগ মোটামুটি স্থির হলেও রক্ষণভাগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের আগে অনুশীলনে রক্ষণভাগে একাধিক কম্বিনেশন ও ফর্মেশন পরীক্ষা করেছেন স্ক্যালোনি।
শনিবারের অনুশীলনে তিনি প্রথমে ৪-৪-২ ফর্মেশন নিয়ে কাজ করেন। সেখানে ডিফেন্সে ছিলেন গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ। পরে রোমেরোর জায়গায় বাঁ দিকে ফাকুন্দো মেদিনাকে পরীক্ষা করেন কোচ।
প্রতিপক্ষ আলজেরিয়ার খেলার ধরন বিবেচনায় আর্জেন্টিনা এই ৪-৪-২ ফর্মেশন দিয়েই শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরুর একাদশে কারা থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। ডান প্রান্তে নাহুয়েল মলিনা-এর সম্ভাবনাও রয়েছে।
সেন্ট্রাল ডিফেন্স নিয়েও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। দুই জায়গার জন্য অন্তত তিনজন খেলোয়াড় লড়াই করছেন। এমনকি স্ক্যালোনি চাইলে তিনজন ডিফেন্ডার নিয়েও খেলতে পারেন, যেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাঁ দিকের ডিফেন্ডার হিসেবেও ব্যবহার করা হতে পারে।
এরই মধ্যে বড় ধাক্কা হয়ে এসেছে নিকোলাস তাগলিয়াফিকো-এর ইনজুরি। বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
অনুশীলনে স্ক্যালোনি ৩-৫-২ ফর্মেশনও পরীক্ষা করেছেন। সেখানে উইং-ব্যাক হিসেবে খেলেন জুলিয়ানো সিমেওনে ও নিকোলাস গনজালেস। রক্ষণভাগে রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজকে বিভিন্ন ভূমিকায় দেখা যায়।
তবে ম্যাচের শুরু থেকে এই ফর্মেশন ব্যবহারের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই মনে করা হচ্ছে।
মাঝমাঠে প্রায় নিশ্চিতভাবে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো দে পল-কে। আক্রমণে থাকছেন লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ।
চোটের কারণে আগের ম্যাচগুলোতে না খেলা হুলিয়ান আলভারেজ-এর জায়গায় লাউতারোর শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। আর আক্রমণভাগের আরেকটি জায়গায় থিয়াগো আলমাদা এগিয়ে আছেন।
সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার রক্ষণভাগই সবচেয়ে বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্ক্যালোনি কীভাবে এই ধাঁধার সমাধান করেন, সেটাই এখন নজর কাড়ছে ফুটবলবিশ্বের।
হাফিজ/ আয়না নিউজ