ধর্ষণসহ একাধিক অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোর্গ হোইবিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ ৮০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৬০ হাজার মার্কিন ডলার) জরিমানা দিতে বলা হয়েছে।
রোববার রাজধানী অসলো’র জেলা আদালত এই রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, মোট চারটি ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা, গুরুতর শারীরিক আক্রমণ এবং মাদক গ্রহণসংক্রান্ত অভিযোগের মধ্যে দুটি ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা ও গুরুতর আঘাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে বাকি দুটি ধর্ষণের অভিযোগে তিনি খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষ আদালতে আসামির বিরুদ্ধে ৭ বছর ৭ মাসের কারাদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত তুলনামূলক কম সাজা দিয়ে রায় দেয়। বিচার চলাকালে আদালতের নির্দেশ অনুযায়ী হোইবিকে কারাগারেই থাকতে হবে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি
হাফিজ/ আয়না নিউজ