| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘাটতি ২ লাখ কোটি টাকা, ৩০৪টি ছাঁটাই প্রস্তাব বাজেটে

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 221 বার পঠিত
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ৩০৪টি ছাঁটাই প্রস্তাব বাজেটে

জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবেলা এবং অপচয় রোধকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন। এ সময় তিনি চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সরকারি ব্যয় সামান্য হ্রাস এবং ঘাটতি পুনর্নির্ধারণের প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিলো ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কিছুটা মন্থর থাকায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গঠনের পর থেকে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। এজন্য সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক মিতব্যয়িতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয় করতে হলেও সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের মতো উদ্যোগ রয়েছে, যা সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করেছে।

বাজেট উপস্থাপনের পর স্পিকার সংসদের কার্যসূচি অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। সংবিধানের ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী দায়যুক্ত ব্যয় সংসদে আলোচিত হলেও তা ভোটের আওতাভুক্ত নয় বলে জানান স্পিকার।

স্পিকার জানান, এবারের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। এসব দাবির বিপরীতে বিরোধী দলের ২০ জন সংসদ সদস্য, বেগম রুমিন ফারহানা ও শাহজাহান চৌধুরীসহ, মোট ৩০৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিয়েছেন। অনুপস্থিত সদস্যদের পক্ষে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ মোট আটটি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় নিয়ে ছাঁটাই প্রস্তাব উত্থাপন ও আলোচনার সুযোগ রাখা হয়েছে। এসব খাতের প্রস্তাবিত ছাঁটাই প্রস্তাবগুলো পর্যায়ক্রমে উত্থাপন করা হবে এবং অন্যান্য মঞ্জুরি দাবি ভোটের মাধ্যমে নিষ্পন্ন করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪