| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 579 বার পঠিত
তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। গ্রুপ এফের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিয়েছে ইউরোপের দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় তারা।

প্রথম ৩০ মিনিটেই দুইবার তিউনিসিয়ার জাল কাঁপিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইডেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই একটি গোল শোধ করে ব্যবধান কমায় তিউনিসিয়ানরা। তাতে ম্যাচে ফেরার আশা জাগলেও বিরতির পর আর কোনো সুযোগই পায়নি তারা। 

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে দাপুটে জয় নিশ্চিত করে সুইডেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এক ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করল সুইডিশরা। তাদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়টি এসেছিল ১৯৩৮ সালে, যখন কিউবাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

রোববার (১৪ জুন) মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে এফ গ্রুপে খেলায় নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন। দলটির হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল করেন আলেকজান্ডার আইজাক, ভিক্টর ইয়োকেরেস ও মাতিয়াস স্বানবেরি।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন। ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আইজাক। বল দখলের লড়াই থেকে আক্রমণ সবখানেই এগিয়ে ছিল সুইডেন। তবে রক্ষণ সামলে আক্রমণের সুযোগ খুজতে থাকে তিউনিসিয়া। কিন্তু সুইডেনের রক্ষণ শক্ত থাকায় সুযোগ পাচ্ছিল না দলটি।

স্রোতের বিপরীতে ৪৩তম মিনিট এক গোল শোধ করে তিউনিসিয়া। হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক।

ম্যাচে পরিসংখ্যানেও এগিয়ে ছিল সুইডেন। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, যেখানে তিউনিসিয়ার ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। পাসিং ও আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখেই জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ এফে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করল তিউনিসিয়া।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪