ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত পাওয়ার কার ও চারটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি অংশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয় বলে জানায় রেলওয়ে কতৃপক্ষ।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার হোসেন।
আল রাজীব/ আয়না নিউজ