ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি হলে ইরান আর পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে যাবে।
এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যান ট্রাম্প। সেখানে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট পুনরায় জানান, নড়েবড়ে যুদ্ধবিরতির মধ্যে গতকাল ইরান ও ইসরায়েল আবারও পূর্ণ মাত্রার সংঘাতে জড়িয়ে পড়েছিল। কিন্তু তারা আবার একে-অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে।
তারা একে-অপরের ওপর হামলা করছিল। কিন্তু আমার মাধ্যমে উভয়ই হামলা বন্ধে রাজি হয়েছে। আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি। যেটি হবে ভালো খুবই ভালো চুক্তি। এরমাধ্যমে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের সম্ভাব্য এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
আল রাজীব/ আয়না নিউজ