যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর ফলে আজ রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে দাবি করেছে ইরান। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতেরও অবসান ঘটবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া আজ রাত থেকেই শুরু হবে বলে জানান তিনি।
ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়, যুদ্ধ বন্ধের ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ঘারিবাবাদি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফায় আলোচনা অনুষ্ঠিত হবে। তবে চুক্তির কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়েও মন্তব্য করেন।
তবে চুক্তির শর্তাবলি নিয়ে ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিংবা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি।
ফলে মধ্যপ্রাচ্যে নতুন এই সমঝোতা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ