সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন ঢালিউড তারকা জুটি শাকিব খান ও বুবলী। তাদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।
শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে এ সুখবর জানান বুবলী। পোস্টে প্রকাশ করা একটি কার্ড থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। সেখানে আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নামও উল্লেখ করা হয়।
নিজের পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
এর আগে ২০২২ সালে নিজেদের পুত্রসন্তান শেহজাদ খান বীর পরিচয় প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। এরপর থেকেই তাদের সম্পর্ক ও সংসারজীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।
গত বছর যুক্তরাষ্ট্র সফরে পরিবার নিয়ে সময় কাটাতে দেখা যায় শাকিব খানকে। এরপর থেকেই বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের আগমনের খবর জানালেন তারা।
হাফিজ/ আয়না নিউজ