বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পুশ ইন প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত সুরক্ষায় সংস্থাটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ ইন ঘটনার তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
এছাড়া, পুশ ইন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হয়।
হাফিজ/ আয়না নিউজ