ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অর্ধশতবর্ষী একটি কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মাদরাসা মাঠে কর্তন করা গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাছটি মাদরাসা প্রাঙ্গণের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। হঠাৎ করে গাছটি কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক ও পরিবেশবিরোধী কাজ। তারা অবিলম্বে গাছ কাটার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে থাকা পুরনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
মানববন্ধনে মাদরাসাটির সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ