সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন সন্ধ্যার পর তাকে শেষবারের মতো বাড়ির সামনে একটি চায়ের দোকানে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয়রা জানান।
নিহতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, শিমু পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে একজন। ২০০৭ সালে শহরের সুলতানপুর এলাকার সাংবাদিক আহসানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের মাত্র তিন মাস পর তার স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে তিনি বড় বোনের সঙ্গেই বসবাস করতেন। পারিবারিকভাবে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে তিনি সংসার চালাতেন। পরে সেটি বিক্রি করে দেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘরে ডাকতে গিয়ে দুর্গন্ধ পান পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার থানায় একটি অপমৃত্যু মামলা (৬৪ নং) হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ