ট্রাফিক আইন সবার জন্য সমান সরকারি, বেসরকারি কিংবা পুলিশ সদস্য এমন মন্তব্যের পর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, প্রকাশিত সংবাদে কমিশনারের গমনাগমন নিয়ে উপস্থাপিত তথ্য বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়।
ডিএমপির দাবি অনুযায়ী, মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয়; এটি দ্বিমুখী চলাচলের সড়ক। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে অস্থায়ী ইউ-টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে, যা স্থায়ী কোনো নিষেধাজ্ঞা নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অস্থায়ী ট্রাফিক ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া ও পুনরায় বন্ধ করা হয় এবং এটি নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। তাই ঘটনাস্থলে কোনো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে দাবি করে ডিএমপি।
এছাড়া কমিশনারের গাড়িবহরের চলাচল সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ ও ব্যবস্থাপনার আওতায় সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়। এতে বিশেষ কোনো সুবিধা গ্রহণ বা আইন ভঙ্গের ঘটনা ঘটেনি বলে দাবি সংস্থাটির।
ডিএমপি আরও জানায়, ঘটনাটিকে কিছু গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণের জন্য নিষিদ্ধ কোনো পথ শুধুমাত্র গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে সংবাদ পরিবেশনের আহ্বানও জানিয়েছে ডিএমপি।
হাফিজ/ আয়না নিউজ