রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বোট ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল ১২টা ৪৫ মিনিটের দিকে সুবলং বাজার সংলগ্ন হ্রদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোটটিতে শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। হ্রদের পানি কম থাকা এবং আশপাশে অন্যান্য নৌযান উপস্থিত থাকায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, “একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটির দিকে যাওয়ার পথে এবং রাঙামাটি থেকে বরকলগামী যাত্রীবাহী বোটের মধ্যে সংঘর্ষ হয়। এতে বোটটি ডুবে গেলেও সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
এ বিষয়ে বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, দুর্ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশাসন ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং নৌ চলাচলে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ