| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেফতার

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1948 বার পঠিত
মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় চার দিন পলাতক থাকার পর ইউসুফ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। ঘটনায় গুরুতর আহত হন আমেনার স্বামী ও ইউসুফের বড় ভাই আব্দুস ছালাম (৪০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই আমেনা ও তার শিশু সন্তান নিহত হন।

ঘটনার সময় বাধা দিতে গেলে আব্দুস ছালামও হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের পর ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো বলেন, মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪