সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই উপজেলার মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরে তারা কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তারা অবৈধভাবে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর বলে তিনি জানান।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ