যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিমবিরোধী বিক্ষোভ চলাকালে শহরের মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি আগুন জ্বলতে থাকা দুটি বস্তু ছুড়ে দিলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে নাট-বল্টু, স্ক্রু ও একটি ফিউজ পাওয়া গেছে। তবে সেগুলো কার্যকর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী আমির বালাত নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি টেপে মোড়ানো ধোঁয়া ওঠা একটি বস্তু পুলিশের ব্যারিকেডের কাছে ছুড়ে ফেলেন এবং আরেকটি বস্তু বিক্ষোভকারীদের দিকেও নিক্ষেপ করেন।
এদিন উগ্র ডানপন্থি কর্মী জেক ল্যাং–এর নেতৃত্বে একটি ছোট দল নিউইয়র্কে ‘ইসলামিকরণ’ বন্ধ এবং প্রকাশ্যে মুসলিমদের নামাজ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করছিল। পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভে প্রায় ২০ জন অংশ নেন।
এর বিপরীতে প্রায় ১২৫ জন পাল্টা বিক্ষোভকারী সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার ঘটনাও ঘটে।
পুলিশের তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি পাল্টা বিক্ষোভকারীদের দিকে পেপার স্প্রে ব্যবহার করায় তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
ঘটনার সময় মেয়র জোহরান মামদানি বাসভবনে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান আন্তর্জাতিক উত্তেজনা বা ইরান-সংক্রান্ত কোনো সংঘাতের সঙ্গে এ ঘটনার সরাসরি যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
হাফিজ/ আয়না নিউজ