পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি। বুধবার (২৭ মে) ভোর থেকেই সৌদি আরবের মিনায় প্রতীকী শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ শুরু করেন তারা।
মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থান শেষে রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। সেখান থেকেই সংগ্রহ করা পাথর নিয়ে বুধবার সকালে মিনায় ফিরে আসেন তারা। পরে ধর্মীয় রীতি অনুযায়ী জামারাতের তিনটি স্তম্ভ—জামারাতুল উলা (ছোট), জামারাতুল উস্তা (মধ্যম) ও জামারাতুল আকাবা (বড়)—লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
ইসলামী বিধান অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ এই তিন দিন ধরে হাজিরা শয়তানের প্রতীকী স্তম্ভগুলোতে পাথর নিক্ষেপ করবেন। এটি হজের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করছেন।
হজের পরবর্তী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার হাজিরা মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম থেকে মুক্ত হবেন। এরপর তারা মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। পরে আবার মিনায় ফিরে এসে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ