আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। মালির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপআঞ্চলিক বাছাইপর্বে মাত্র ২ রান খরচায় ৬ উইকেট শিকার করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
রোববার (২৪ মে) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে বতসোয়ানার বোলিং তোপে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় মালি। দলের হয়ে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ডানহাতি মিডিয়াম পেসার নাবিল মাস্টার। ২.৪ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। তার বোলিং ফিগার ছিল ২.৪-১-২-৬।
ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে কোনো রান দেননি মাস্টার। এরপর অষ্টম ওভারে বল হাতে নিয়েই শুরু করেন উইকেট উৎসব। ওই ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেওয়ার পর একই ওভারে আরও দুটি উইকেট নেন। পরে ইনিংসের দশম ওভারে আরও তিন ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।
এর মাধ্যমে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দিয়ে ৬ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন মাস্টার। তিনি ভেঙেছেন সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের রেকর্ড। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন হার্ষা।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাবিল মাস্টারের। প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে বোলিং করার সুযোগ পাননি। এরপর দীর্ঘ সাত বছর জাতীয় দলের বাইরে থাকার পর দুই দিন আগে আবার জাতীয় দলে ফেরেন তিনি। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড।
মাস্টারের দুর্দান্ত বোলিংয়ের পর ২৫ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বতসোয়ানা। মাত্র ২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় দলটি।
হাফিজ/ আয়না নিউজ