আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। কিন্তু আইরিশদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১১ রানে। শুরুতে নেমে আয়ারল্যান্ডের মেয়েরা ১৪৩ রান করলেও বাংলাদেশ করেছে ১৩২ রান।
রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেও ৩৮ বলে ৫০ রানে আউট হন জুয়াইরিয়া। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামেন শারমিনের ইনিংস।
এদিকে জ্যোতি-স্বর্ণারাও থেমে থাকেননি। দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা চালান তারা।ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। বাকিদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই আইরিশদের চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় তারা। অ্যামি হান্টার করেন ১৯ রান, আর আলানা ডালজেল খাতা খোলার আগেই বিদায় নেন।
সূর্যয় / আয়না নিউজ