| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 593 বার পঠিত
ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সরকারি সূত্র জানায়, দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা খেলোয়াড়দের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই সহায়তা তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়দের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতারও একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: পিএম প্রেস উইং

তানভীর খান/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪