| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 193 বার পঠিত
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

বলিভিয়ায় অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন এখন আরও তীব্র আকার ধারণ করেছে, যেখানে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানী লা পাজের কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলো দখলের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর জবাবে খনিশ্রমিকরা পুলিশের দিকে শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করে বলে জানা গেছে।

ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার খনিশ্রমিক এই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করা, খনি-সংক্রান্ত চুক্তির শর্ত পুনর্বিবেচনা এবং খনি শিল্পে আধুনিক নিয়ম চালু করা।

দেশটির বর্তমান অর্থনৈতিক সংকট এই আন্দোলনকে আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সরকার অভিযোগ করেছে, বিরোধী পক্ষ এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস বিক্ষোভ উসকে দিচ্ছেন।

অন্যদিকে, পাজের ঘনিষ্ঠ মহলের কেউ কেউ অস্থিরতার জন্য মোরালেসকেই দায়ী করছেন। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা মোরালেস একসময় ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এবং গ্রামীণ অঞ্চলে এখনও তার ব্যাপক প্রভাব রয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে মোরালেস অভিযোগ করেন, সরকার তাকে বলির পাঁঠা বানাচ্ছে। একই সঙ্গে তিনি খাদ্য, জ্বালানি ও অন্যান্য মৌলিক সরবরাহ সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার বলিভিয়ান রাস্তায় নেমে এসেছে কোনো এক ব্যক্তির অনুসারী হয়ে নয়, বরং সামাজিক ক্ষোভ থেকে।

সূত্র: আল জাজিরা

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪