পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১০ মে) রাতে উত্তর প্রদেশ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতেই গ্রেফতারকৃতদের কোলকাতায় এনে ভবানী ভবনে নিয়ে গিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে হাজির করার কথা রয়েছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।
প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি আন্তঃরাজ্য অপরাধী চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই ঘাতকদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অভিযোগ রয়েছে, বালি টোল প্লাজা অতিক্রমের সময় ইউপিআই-এর মাধ্যমে অর্থ পরিশোধের তথ্য বিশ্লেষণ করে তাদের অবস্থান ট্র্যাক করা হয়।
তদন্তকারীরা এরপর উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিনজন পেশাদার শার্প শুটারকে গ্রেফতার করে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, কারা এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং এর পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো উদ্দেশ্য রয়েছে।
উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে চার রাউন্ড গুলি চালালে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সিআইডির পাশাপাশি এসটিএফও তদন্তে যুক্ত রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ