পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। জেলাগুলো হলো নদিয়া (১৭), উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), কোলকাতা (১১), হাওড়া (১৬), হুগলি (১৮) এবং পূর্ব বর্ধমান (১৬)। গতকাল সোমবার ছিলো নির্বাচনি প্রচারের শেষ দিন। ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।
প্রচারের শেষ পর্যায়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিজেপির পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ দফার ভোটের আগেই দলের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার ভবিষ্যতের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই এবং তারা রাজ্যের উন্নয়নের বিষয়ে কোনো ভিশন তুলে ধরতে পারছে না।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের শেষ দিনে একটি বিশাল পদযাত্রায় অংশ নেন। যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হওয়া এই পদযাত্রা ভবানীপুরে গিয়ে শেষ হয়। সেখানে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে লক্ষ্য করে বলেন, রাজ্যে স্থিতিশীল সরকার দরকার এবং বাইরের চাপ বা প্রলোভনে সরকার ভাঙার চেষ্টা রুখতে হবে। পাশাপাশি তিনি এনআরসি ও ডিটেনশন ক্যাম্প ইস্যু নিয়েও অবস্থান স্পষ্ট করেন।
সব মিলিয়ে শেষ দফার ভোটের আগে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে, আর ভোটারদের রায়েই নির্ধারিত হবে আগামী সরকারের দিকনির্দেশ।
হাফিজ/ আয়না নিউজ