দেশজুড়ে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণের এই ঊর্ধ্বগতির পেছনে অন্যতম কারণ হিসেবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসোলেশন সুবিধার অভাবকে চিহ্নিত করা হচ্ছে। শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের অনেক সময় অন্য রোগীদের কাছাকাছি রাখতে হচ্ছে, ফলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৫৫৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৬ হাজার ৫২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ পর্যন্ত প্রাদুর্ভাব শুরুর পর হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের বড় অংশই শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় সময়মতো টিকা না নেওয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা শিশুদের মধ্যে জ্বর বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্তদের আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ