| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুমিন ফারহানাকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় সংসদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 130 বার পঠিত
রুমিন ফারহানাকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় সংসদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় জাতীয় সংসদে কিছু সদস্যের অঙ্গভঙ্গি ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহবান জানান তিনি। পরে একই আহবান জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ বিষয়ে কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। আমি চার-পাঁচবার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম, এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক। কিন্তু বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি আক্ষেপ করে বলেন, স্পিকার বারবার অনুরোধ করার পরেও ট্রেজারি বেঞ্চের সদস্যরা তাদের হট্টগোল চালিয়ে গেছেন, এমনকি মাইক বন্ধ থাকার পরেও সংসদ কী হচ্ছে তা বোঝা যাচ্ছিল না।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রুমিন ফারহানার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, শেষমেষ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম।

এরআগে রুমিন ফারহানা সংসদ অধিবেসনে তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছে না। সরকারের যদি কোনো সংকটই না থাকে, তবে এই লম্বা লাইন কেন? কেন তেলের দাম বাড়াতে হচ্ছে?

জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার মার্কেটপ্লেস রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অদূরদর্শী। মানুষ কেনাকাটা সাধারণত সন্ধ্যার পরেই করে। এছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪