শ্লীলতাহানির অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা হামলার ঘটনায় অভিযোগ দায়ের করলে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিজাম উদ্দিন জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল হাশেমের ছেলে নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২ )কে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন-
পুলিশ সুত্র জানিয়েছে প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালালে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়। হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয় বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, মামলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ দায়েরের পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এফএ/ আয়না