| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 216 বার পঠিত
দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

সংক্রমণের সংখ্যাও বাড়ছে দ্রুতগতিতে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।

এদিকে, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪