ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মো. আতাউর রহমান। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিল এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল আবেগ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেকেই স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল হাছানাত শাহ্ মুহাম্মদ আয়াতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোশবাজার দরবার শরীফের পীর ছাহেব আলহাজ শাহ্ আবু ছাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো. নূর ইসলাম।
মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আতাউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি শুধু পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদ বলেন, একজন সহকর্মীর বিদায় মানে শুধু একজন শিক্ষকের বিদায় নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি আদর্শ ও একটি ইতিহাসের বিদায়।
বিদায়ী বক্তব্যে মাওলানা আতাউর রহমান বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার জীবনের দীর্ঘ সময় জড়িয়ে আছে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমি কখনো ভুলব না। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
সুজন/ হাফিজ/ আয়না নিউজ