মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ। সিরিজের তৃতীয় ও শেষ ‘অলিখিত ফাইনালে’ মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় আজকের জয়ী দলই ট্রফি নিজেদের করে নেবে।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের তথ্যমতে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ এবং বজ্রবৃষ্টির আশঙ্কা প্রায় ৫২ শতাংশ।
ম্যাচ শুরুর সময়ে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১৪ শতাংশ। ফলে যথাসময়ে খেলা শুরু হওয়া নিয়ে বড় কোনো বাধা আপাতত না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বিকেল ৪টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ থাকলেও সন্ধ্যা ৬টা নাগাদ তা ৫১ শতাংশে গিয়ে ঠেকতে পারে। অবশ্য সন্ধ্যার পর বৃষ্টির দাপট কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচ শেষ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।