নেত্রকোনা শহরের ছোট বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকান হেনা ডিজিটালে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন দোকানটির মালিক রাজু সাহা (৪৫)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হেনা ডিজিটালের মালিক রাজু সাহা সকাল ১০টায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে মুহূর্তেই সবকিছু তছনছ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে অগ্নিদগ্ধ ব্যবসায়ীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।