রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় একপক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অন্য পক্ষ সাবেক এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দিলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয়ে সভাটি পণ্ড হয়ে যায়। রাত ৯টায় তারাবিহ নামাজ শেষে এরশাদ আলী তারাবিহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন তার পথরোধ করে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।