নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও নিউটন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে গুরুতর আহত খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।