বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার জানান, ধানের শীষের সমর্থকরা ঘোড়ার প্রতীকের লোকদের খুঁজতে আসলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রামদা দিয়ে ওসমানের মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুম খান বলেন, নিহতের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন, আর বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীর মধ্যে বড় ব্যবধানে হারিয়ে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বিজয়ী হন।