| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 228509 বার পঠিত
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন।

সকালে আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের সময় নির্ধারিত থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল প্রায় সাড়ে ৮ ডিগ্রি। তবে সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।

শীতের কারণে শহর ও গ্রামাঞ্চলে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন,

“সকাল-বিকেল ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু বের না হলে পেট চলবে না। এখনো মাঘ মাস আসেনি, তবুও এমন শীত পড়েছে যে রাস্তায় টেকা মুশকিল।”

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম লাগছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কম থাকতে পারে এবং শীতের প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪