রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে সোমবার ভোরে (৫ জানুয়ারি) দুর্ধর্ষ চুরি হয়েছে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা সহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সকালে দোকান খোলার সময় দেখা যায়, কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙা, দোকান ভাঙচুর করা এবং সিন্দুকসহ সমস্ত স্বর্ণ-রুপা নিয়ে চোরেরা চলে গেছে। তিনি দাবি করেন, ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, “চুরির ঘটনা জানতে পেরেছি। ইতিমধ্যে পুলিশ বিভিন্ন টিম পাঠিয়ে তদন্ত শুরু করেছে।”
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩:২১ মিনিটে একদল চোর গ্লাস ভেঙ্গে দোকানে ঢুকে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে যায়। তারা কিছুক্ষণ দোকানে অবস্থান করে এবং পরে একটি পিকআপে সিন্দুকসহ সমস্ত মালামাল বহন করে চলে যায়।
পুলিশ তদন্ত চালিয়ে চুরির সঙ্গে জড়িত চক্রের সন্ধান করছে।