ঘনকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনায় মোট ছয়টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এক্সপ্রেসওয়ের বেজগাঁও, ছনবাড়ি ও দোগাছি এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় মাওয়ামুখী সাদ পরিবহনের একটি বাস অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৯ জন আহত হন।
তিনি আরও জানান, রাত আনুমানিক ১টার দিকে ছনবাড়ি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে আরও ১০ জন আহত হন।
এদিকে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকায় একটি ট্রাকের পেছনে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন এবং একজন আহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত থেকে সকাল পর্যন্ত তিনটি স্থানে পৃথক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।