| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 231658 বার পঠিত
রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকার প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আহত ব্যক্তি হলেন— পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ঝলমলিয়া এলাকায় মহাসড়কের পাশে কলার হাট বসেছিল। এ সময় ঘন কুয়াশার কারণে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে হাটের ভেতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত বাজার এলাকায় ঢুকে পড়ে উল্টে যায়। নিহতরা সবাই কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ আরও তিনজনের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে নাটোর ও পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪