রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির সময় উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার ( ২৯ ডিসেম্বর ) বেলা ১২টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মানববন্ধন চলাকালীন সময়ে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে হামলা চালায়। এসময় উত্তেজিত ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা বলেন, সকালে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করছিল। এসময় একটি গ্রুপ এসে তাদের বাধা দেয়। তখন তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন শান্ত আছে।
পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।