ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি বেগম (৩০) এবং যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল ‘হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস’-এর একটি অ্যাম্বুলেন্স। এতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভারী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।