দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী রোববার, ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের বৈঠকেই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন তিনি।
নির্বাচন কমিশনের মতে, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আর সে লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে কমিশন।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা চলছে। তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া।
তফসিল প্রকাশের পর মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ—এসব ধাপ সম্পন্ন করবেন প্রার্থীরা। একই সঙ্গে তফসিলে উল্লেখ থাকবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখও।
নির্বাচন কমিশনের বৈঠককে কেন্দ্র করে এখন সবার নজর ৭ ডিসেম্বরের দিকে। তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে এবারের জাতীয় নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি।