বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা ঘিরে আক্ষেপ ও উদ্বেগ বাড়ছে দেশের ভেতরে ও বাইরে। এবার উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) নিজের এক্স অর্থাৎ টুইটার-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বেগম জিয়ার অসুস্থতার খবর জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
মোদি আরও বলেন, বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি। পাশাপাশি ভারত ‘যেভাবেই সম্ভব সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত’ বলেও জানান।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে মোদির এই মন্তব্য তুলে ধরেছে।
এদিকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন। লিভার, কিডনি ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।
তার চিকিৎসায় সহায়তা করতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার বিকেলে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, এটি প্রাথমিক মেডিকেল দল; মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসবে।
বাংলাদেশের বড় দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের চিকিৎসা সহায়তার প্রস্তাব বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিকে ঘিরে কূটনৈতিক আলোচনাকেও নতুন মাত্রা দিয়েছে।