কানসাস সিটি স্টেডিয়ামে এক রাত যেন রূপ নিয়েছিল কেবল এক গোলরক্ষকের একক প্রদর্শনীতে। কুরাসাওয়ের অভিজ্ঞ গোলরক্ষক ইলোই রুম ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচটিকে গোলশূন্য ড্রয়ে শেষ করেন। ১৫টি সেভ করা এই ম্যাচে তিনি শুধু দলকে রক্ষা করেননি, বরং বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম নতুন করে খোদাই করেছেন।
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস সৃষ্টি করলো কুরাসাও। অভিজ্ঞ গোলরক্ষক ইলোই রুম ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচটিকে গোলশূন্য ড্রয়ে শেষ করেন। ১৫টি সেভ করা এই ম্যাচে তিনি শুধু দলকে রক্ষা করেননি, বরং বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম নতুন করে খোদাই করেছেন। ক্যারিবিয়ান সাগরের ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি ইকুয়েডরকে হতাশ করে প্রথম বিশ্বকাপে প্রথম পয়েন্ট আদায় করেছে।
রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলায় ইকুয়েডরকে গোল করতে দেননি কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। ইকুয়েডরের জন্য এই ম্যাচ ছিল হতাশার প্রতিচ্ছবি। ১৫টি শট অন টার্গেট নিয়েও তারা গোল করতে ব্যর্থ হয়, যা বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। সমর্থকদের বিশাল উপস্থিতি এবং ম্যাচজুড়ে চাপ তৈরি করেও শেষ পর্যন্ত তারা জয় তুলে নিতে পারেনি।
রমের এই সেভের রেকর্ডটি ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতিহাস গড়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে কুরাসাও।
৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখার পরও ইকুয়েডর সুবিধা করতে পারেনি কুরাসাওয়ের গোলরক্ষকের সামনে। সবমিলিয়ে ২৬টি শট নিয়ে ১৫টিই লক্ষ্য রেখেছিল দলটি। তবে একটিও গোল হয়নি। প্রতিটা আক্রমণ ব্যর্থ করে দিয়েছেন এলয় রম। অন্যদিকে ১০টি শট নিয়ে লক্ষ্যে ৪টি রেখেছিল কুরাসাও। আর বল দখলে ছিল ২৫ শতাংশ।
শেষ পর্যন্ত এই ড্র কেবল একটি পয়েন্ট ভাগাভাগি নয়, বরং এক গোলরক্ষকের অসাধারণ অধ্যবসায়ের গল্প হয়ে থাকবে। কুরাসাওয়ের জন্য এটি ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট, আর ইলোই রুমের জন্য এক রাত যেখানে তিনি প্রমাণ করেছেন, একাই একটি ম্যাচের ভাগ্য বদলে দেয়া সম্ভব।
আল রাজীব/ আয়না নিউজ