আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো বিদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের স্বাদ পেল টাইগ্রেসরা। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে স্বর্ণার ব্যাটে। জবাবে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায় পাকিস্তান।
ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা।
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন স্বর্ণা। এই তরুণ ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। ৫ চারে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক জ্যোতি ৩৮ বলে ৩৬ রান করেন।
জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি। পরবর্তীতে নির্দিষ্ট বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। শেষ পর্যন্ত ২৩ রানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে চলমান আসরে দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের কোনো একক আসরে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের নতুন ইতিহাস গড়ল টাইগ্রেসরা।
আল রাজীব/ আয়না নিউজ