| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 18823 বার পঠিত
খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য এবং জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুও। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিকের শুটার পারভেজ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী আশিকের বড় ভাই সন্ত্রাসী সজিব খুলনার মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করে। তাদের পিতা জুলফিকার ছিলো এক সময় সুন্দরবন অঞ্চলের শীর্ষ জলদস্যু, যে পরে পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়।

এ বিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় ।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। যদিও ঘটনার কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪