বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বস্ত করে বলেন, সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, সম্মিলিত পাঁচ ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে এবং খুব শিগগিরই আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানো হয়েছে যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। বাস্তবে এ ধরনের কোনো পরিস্থিতি নেই। সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ