বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক বন্ধন অত্যন্ত গভীর। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল (মিনাল) ত্রিবেদী।
বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা একই আকাশ, একই বাতাস ও একই জলধারার অংশীদার। তাই আমাদের মিলেমিশে কাজ করতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশ। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হলে তা শুধু আঞ্চলিক উন্নয়ন নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন হাইকমিশনার জানান, বিষয়টি তার বিবেচনায় রয়েছে। এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে উভয় দেশের জনগণ উপকৃত ও সন্তুষ্ট হন। তিনি জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন হাইকমিশনারের বাংলাদেশ সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে।
ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে, সেকেন্ড সেক্রেটারি গৌরব আগরওয়ালসহ একটি কূটনৈতিক প্রতিনিধি দল সীমান্তে উপস্থিত থেকে দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকায় পৌঁছে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রিডেনশিয়াল) পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
স্বাগত অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রোটোকল আরিফ মোহাম্মদ, সিনিয়র সহকারী সচিব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান, বেনাপোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) অতল গোস্বামীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পত্রাধিকার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেন। তিনি সাবেক হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ