কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুর উপজেলার চর মেঘনা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশু রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়। পরে তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি বিএসএফ রাতের আঁধারে পুশইনের চেষ্টা করছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের সব চেষ্টা প্রতিহত করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে।”
সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাফিজ/ আয়না নিউজ