বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন।
দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও রয়েছেন। বাংলাদেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকায় গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
তিনি বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা সম্প্রতি ব্রাসেলস-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের কূটনৈতিক দায়িত্ব গ্রহণকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে দিল্লি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে ঘনিষ্ঠতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা থাকায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীনেশ ত্রিবেদীর নিয়োগ বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বাণিজ্য, সংযোগ, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ