বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকে অবহিত করবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও জোরদার হবে এবং আমানতকারীদের স্বার্থ আরও সুরক্ষিত থাকবে।
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে।
হাফিজ/ আয়না নিউজ